চট্টগ্রাম মহানগরে শিক্ষার মান উন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) সবসময় সচেষ্ট এবং এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, “শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আধুনিক অবকাঠামো, প্রশিক্ষিত শিক্ষক এবং প্রযুক্তি-সমন্বিত পাঠদান পদ্ধতির মাধ্যমে আমরা নগরবাসীর সন্তানদের একটি উন্নত শিক্ষাব্যবস্থা উপহার দিতে চাই।”
গতকাল সোমবার টাইগারপাসস্থ চসিক প্রধান কার্যালয়ে আয়োজিত হালিশহর আহমদ মিয়া সি.কে. বালিকা উচ্চ বিদ্যালয়, হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজ এবং দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের নবগঠিত গভর্নিং বডির যৌথ সভায় এসব কথা বলেন তিনি।
সভায় মেয়র জানান, চসিকের অধীনে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পাঠদানের মানোন্নয়ন, শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি উন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
সভায় গভর্নিং বডির সদস্যরা নিজ নিজ প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন সমস্যা, চাহিদা ও উন্নয়নমূলক প্রস্তাবনা তুলে ধরেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন: এম.এ আজিজ, মোহাম্মদ হানিফ, মো. কামাল, মো. কামাল উদ্দিন, শাহেদা খানম, তন্দ্রা সাহা, স্বদেশ বড়ুয়া, মো. শাহাদাৎ হোসাইন, মোহাম্মদ সেকান্দর, মোহাম্মদ হাসান রুবেল, রোকসানা বেগম, মো. মহিউদ্দিন ও দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন্নাহার বেগম।
সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ভিত্তিক পাঠদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা বলেন।
