চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড়ে রাস্তার ধারে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। ব্যস্ত সড়কে অসহায়ভাবে পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেননি। শেষ পর্যন্ত সহায় হয়ে দাঁড়ায় ট্রাফিক পুলিশ, যারা নবজাতকসহ ওই নারীকে হাসপাতালে পৌঁছে দেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে ট্রাফিক পুলিশ সদস্যরা মা ও নবজাতককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সুস্থ আছেন।
ট্রাফিক সার্জেন্ট জাহিদুর রহমান বলেন, “কনস্টেবল এসে জানায় রাস্তায় শিশু জন্ম নিয়েছে। গিয়ে দেখি মানসিক ভারসাম্যহীন নারী সড়কেই সন্তান জন্ম দিয়েছেন। ওয়াকিটকিতে সহায়তা চাইলে জেলা পুলিশের একটি অ্যাম্বুলেন্স থামিয়ে হাসপাতালে পাঠাই।”
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন নারীটি, কিন্তু পথচারীরা পাশ কাটিয়ে চলে যান। তার চিৎকার শুনে পুলিশ এগিয়ে এলে স্থানীয় দুই নারী পথচারী সহায়তা করেন। উদ্ধার কাজে সার্জেন্ট আবদুল্লাহ আল মুজাহিদ ও কনস্টেবল মহিউদ্দিনও অংশ নেন।
আর এইচ/
