সম্প্রতি ভারি বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের সামাজিক সংগঠন “প্রয়াস”। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সংগঠনের উদ্যোগে দুইটি পরিবারকে এককালীন আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পুনর্নির্মাণে সহায়তার অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী। “প্রয়াস মানুষের জন্য, প্রয়াস মানুষের কথা বলে” এই মূলমন্ত্রকে ধারণ করে অনুষ্ঠান উদ্বোধন করেন ওমেন্স চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক নুর আকতার জাহান।
সভাপতিত্ব করেন প্রয়াসের সিনিয়র সহ-সভাপতি সুভাষ সরকার।
বিশেষ অতিথি ছিলেন ছালামত জাহান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক লায়ন মো. মোহছেন আলী মহসিন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সফল নারী উদ্যোক্তা সুবর্ণা দে, আয়োজন কমিটির চেয়ারম্যান মহসীন উল কাদের, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আবছার উদ্দিন অলি, নারী সাংবাদিক রোজি চৌধুরী এবং সংগীতশিল্পী আসাদুর রহমান আসাদ।
এছাড়াও প্রয়াসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বলেন,“প্রয়াস মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এই ধরণের মানবিক কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায়দের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।”
উল্লেখ্য, প্রয়াস প্রতি মাসেই বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন।
আর এইচ/
