চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, ‘আবারও চক্রান্তকারীরা ষড়যন্ত্র শুরু করেছে। শহীদ জিয়াউর রহমান জীবনবাজি রেখে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আজ যদি তিনি সে ঘোষণা না দিতেন, আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। এত ত্যাগের পরও আমাদের বন্ধু দল সুযোগ বুঝে আমাদের প্রতিপক্ষ হতে চাইছে, যা কখনোই মেনে নেওয়া হবে না।’
শুক্রবার (১৮ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠন, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অংশ হিসেবে বৈরাগ ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, বৈষম্যবিরোধী ছাত্ররা, সাধারণ জনগণ ও নির্যাতিত দলগুলোর সম্মিলিত আন্দোলনেই স্বৈরশাসক বিতাড়িত হয়েছে। যদি আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাহলে দেশের মানুষ তা হতে দেবে না।’
নেতাকর্মীদের উদ্দেশে সরওয়ার জামাল নিজাম বলেন, ‘এই দেশে যা কিছু উন্নয়ন হয়েছে, সবই শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার হাত ধরে। এখন তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের স্বপ্ন দেখছেন। সামনে কঠিন নির্বাচন আসছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্ত করতে হবে। ইনশাআল্লাহ, তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বিএনপি সরকার গঠন করবে।’
বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের, নুরুল আমিন ও বৈরাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আজমির যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুন খান। বিশেষ বক্তা ছিলেন সহ-সভাপতি ডা. জি.এম. এনামুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ফৌজুল আমিন, ভিপি মোজাম্মেল, বরুমচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহাজাহান, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, মেসবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাইফুল ইসলাম, সাবেক এমপি পুত্র শাহীন জামাল, সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী, আখতার নবী চৌধুরী, মো. আলমগীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় যুবদল নেতা আবু তাহেরকে সংবর্ধনা দেওয়া হয়।
আর এইচ/
