চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
শুক্রবার বেলা ৩ টার দিকে নাজিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডে মিয়া সিকদার বাড়ির পুকুরে এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে ফটিকছড়ি থানা থেকে একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তি মো. এনাম (৬৫), যিনি ওই এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, সকাল থেকেই পুকুরপাড়ে এনামের লুঙ্গি পড়ে থাকতে দেখা যায়। বিকেলে লাশটি পানির ওপর ভেসে উঠলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহতের চাচাতো ভাই মো. জসিম বলেন, “আমার ধারণা মোবারকই তার বাবাকে হত্যা করেছে। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি।”
ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আর এইচ/
