আনোয়ারা উপজেলার বরুমচড়ায় আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ টাকাসহ আব্দুল মজিদ (৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বরুমচড়া ইউনিয়নের মুসলিম রেন্জার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার আব্দুল মজিদ মৃত হাজী মুসলিম আহমদ চৌধুরীর ছেলে। তার বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি, তুরস্কের তৈরি একটি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে অস্ত্র সংগ্রহ, সরঞ্জাম এনে অস্ত্র তৈরি করে নিজ বাড়িতে বিক্রি করেন আব্দুল মজিদ। নিজ বাড়ির পুকুর ঘাটে লুকিয়ে রাখা সরঞ্জাম পুলিশ উদ্ধার করলেও অস্ত্র তৈরির কারখানার সন্ধানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে স্থানীয়দের উপস্থিতিতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। মজিদ বিভিন্ন জায়গা থেকে অস্ত্র সংগ্রহের পাশাপাশি নিজেও তৈরি করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। বাড়িতে এসব অস্ত্র ও নগদ টাকা সংরক্ষণ করছিল সে।’
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মনির হোসেন।
আর এইচ/
