গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ বুধবার (১৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রিপোর্টটি লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনীকে কয়েক রাউন্ড বাবার বুলেট ও সাউন্ড ছুড়তে দেখা গেছে হয়। এ সময় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে দেখা গেছে।
এ ঘটনার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক মো.কামরুজ্জামান গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি করেন। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এসময় দায়িত্ব পালন করতে গিয়ে গোপালগঞ্জের যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না এবং ডিবিসির জেলা প্রতিনিধি সুব্রত সাহা বাপ্পি আহত হয়েছেন।
১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। গতকাল মঙ্গলবার দলের ভেরিফায়েড ফেসবুকে এই কর্মসূচিকে ‘১৬ জুলাই : মার্চ টু গোপালগঞ্জ’ নাম দেওয়া হয়।
এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরের উলপুরে আজ সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। হামলা করা হয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির মো. সাজেদুর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়েছে। তারা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে।
এর আগে সকালে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে ঘিরে বরিশাল-গোপালগঞ্জ সড়কের কোটালীপাড়ার ওয়াপদারহাটে রাস্তায় গাছ ফেলে অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ বুধবার সকাল থেকে নেতাকর্মীরা সড়ক অবরোধের প্রস্তুতি নেন। এক পর্যায়ে সড়কের গাছ কেটে ফেলে এবং পুরোনো কাঠ রাস্তায় বিছিয়ে অবরোধ করে সড়কে অবস্থান নেন।
