বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল ও নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের দায়ে তিন ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে কোনো প্রকারের অনুমোদন না থাকায় দরবার মেডিকো নামের এক ফার্মেসিকে সিলগালা করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) উপজেলার গোমদণ্ডী ফুলতল এবং কধুরখীল চৌধুরী হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি জানান, পৌরসভা গোমদণ্ডী ফুলতলে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল ও নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের দায়ে ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় আল ইমাম মেডিকোর আরিফ হোসেনকে ৫ হাজার টাকা, বোয়ালখালী জেনারেল হাসপাতাল ফার্মেসির রাজু দে’কে ২ হাজার টাকা এবং কধুরখীল চৌধুরী হাট এলাকার দরবার মেডিকোর বেলালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে কোনো অনুমোদন লাইসেন্স না থাকায় ও অব্যবস্থাপনার কারণে দরবার মেডিকো ফার্মেসিকে সিলগালা করা হয়।
এছাড়া ত্রিপল বিহীন বালু পরিবহনের দায়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ এর সংশ্লিষ্ট ধারায় নুরুল আলমকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন চট্টগ্রাম ঔষধ প্রশাসন জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো.আবিদ আহসান।
