কক্সবাজারের উখিয়ায় নিখোঁজের পর এক ইউপি সদস্যের বস্তাবন্দী গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কামাল হোসেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় সিদ্দিক আহমদের ছেলে।
উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দুর্জয় সরকার জানান, সোমবার (৭ জুলাই) রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন কামাল হোসেন। মঙ্গলবার দুপুরে মনখালী খালে বস্তাভর্তি কিছু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ বস্তা খুলে গলাকাটা মরদেহ উদ্ধার করে স্বজনদের মাধ্যমে শনাক্ত করে।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।
আর এইচ/
