ফটিকছড়িতে চা বাগানে কাজ করা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের বটির কোপে সুপ্তা মাঝি (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ভাই রতন দাশকে (৩৭) গ্রেপ্তার করেছে।
শনিবার ভোরে উপজেলার উদালিয়া চা-বাগানের পহেলা টিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুপ্তা মাঝি ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাঝির মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভুজপুর থানার ওসি মো. মাহবুবুল হক।
পুলিশ ও স্থানীয়দের বরাতে ওসি মাহবুবুল হক বলেন, “সুপ্তা তার চাচাতো ভাই রতনের সঙ্গে একই বাড়িতে থাকত। রতন চাইতেন, সুপ্তা যেন চা বাগানের কাজ ছেড়ে সেলাইয়ের কাজ শেখে। কিন্তু সুপ্তা রাজি না হওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।”
তিনি আরও জানান, “গভীর রাতে কথা কাটাকাটির একপর্যায়ে রতন ঘরে থাকা বঁটি দিয়ে সুপ্তার মাথায় আঘাত করে। এতে সে গুরুতর জখম হয়।”
পরিবারের সদস্যরা সুপ্তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত রতন দাশকে গ্রেপ্তার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ভুজপুর থানার ওসি।
আর এইচ/
