ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় একটি পোলট্রি খামারে রহস্যজনকভাবে প্রায় ৫ শতাধিক সোনালী মুরগির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় সর্বশান্ত হয়ে পড়েছেন খামারি আব্দুর রহিম মনা, যিনি দীর্ঘ ১২ বছর ধরে এই খামার পরিচালনা করে আসছেন।
বুধবার (২ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। ভোরে উঠে খামারে গিয়ে এমন করুণ দৃশ্য দেখতে পান খামার মালিক।
খামারি আব্দুর রহিম মনা বলেন,“রাত ১১টার দিকে মুরগিগুলোকে খাবার দিয়ে আমি বাড়ি চলে যাই। সব মুরগিই সুস্থ ছিল। সকালে স্থানীয় এক ব্যবসায়ী মুরগিগুলো নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে এসে দেখি সব মুরগি মরে পড়ে আছে। এমনটা কেন হলো বুঝতেই পারছি না।”
তিনি আরও জানান, এতে করে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং তিনি এই ক্ষতির জন্য প্রশাসনের সহযোগিতা ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
আর এইচ/
