দেশে ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চীন সরকারের দেওয়া ডেঙ্গু কম্বো কিট গ্রহণ উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি মিশন চিফ লিউ ইউইন।
অনুষ্ঠানে জানানো হয়, চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ১৯ হাজার ডেঙ্গু কম্বো কিট প্রদান করা হয়েছে। এসব কিটের মাধ্যমে এনএস১, আইজিজি এবং আইজিএম একসাথে শনাক্ত করা যাবে, যা ডেঙ্গু পরীক্ষায় আরও কার্যকর হবে।
ডা. সায়েদুর রহমান বলেন, “ডেঙ্গুর হটস্পটগুলোতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক, অ্যাম্বুলেন্স ও ডায়াগনস্টিক কিট পাঠানোসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দ্রুততার সঙ্গে পাঠানো হচ্ছে। চীন সরকারের দেওয়া কিটগুলোও এই কার্যক্রমের অংশ।”
তিনি আরও বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে ভেক্টর প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক শনাক্তকরণ ব্যবস্থা ব্যর্থ হলে কিংবা মৌসুম পরিবর্তনের কারণে আক্রান্তের সংখ্যা বেড়ে গেলে সমস্যা দেখা দেয়। তাই উৎসের দিকেই নজর দেওয়া জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।”
আর এইচ/
