চট্টগ্রামে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে।
বুধবার (২ জুলাই ) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১টি ল্যাবে ১৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে শেভরনের ল্যাবে ৫ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে ২ জন নারী এবং ৩ জন পুরুষ। এছাড়া ১৬৫ জনের মধ্যে ৮৪ জন পুরুষ এবং ৮০ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। এছাড়া এখন পর্যন্ত মৃত্যু হওয়া মোট ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন মহিলা।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নগরের ১১টি ল্যাবে এক দিনে ১৬১ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়। পরে তাদের মধ্যে পাঁচজনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন হাসপাতাল-২-কে করোনা রোগীদের চিকিৎসাসেবার জন্য নির্ধারণ করা হয়েছে। তা ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার রোগীদের জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে।
