কক্সবাজারের চকরিয়ায় একটি খাল থেকে মো. ইসমাইল (১৬) নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছায়রাখালী ভরাচর খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল পার্শ্ববর্তী বান্দরবানের লামা উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বগাছড়ি বুড়ির দোকান এলাকার বাসিন্দা মো. বেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য শাহ আলম জানান, সকালে ছায়রাখালী স্টেশন এলাকায় স্থানীয় লোকজন খালে একটি মরদেহ ভাসতে দেখে। পরে মাছ ধরতে আসা স্থানীয় জেলেরা প্রথমে লাশটি দেখতে পান এবং থানায় খবর দেন। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত কিশোর ইসমাইলকে তার মামা আলী আহমদ ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করেন।
ইসমাইলের মামা জানান, “আমার ভাগিনা মানসিক প্রতিবন্ধী ছিল। তার মা পাহাড় থেকে লাকড়ি কুড়িয়ে ও দিনমজুরের কাজ করে সংসার চালান। জন্মের পর থেকেই বাবা বেলাল উদ্দিন সন্তানের কোনো খোঁজখবর রাখেননি।”
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান,“মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
আর এইচ /
