কক্সবাজারের রামু উপজেলায় ডাকাতির চেষ্টাকালে এলাকাবাসীর গণপিটুনিতে আবদুল মান্নান (৩০) নামে এক চিহ্নিত ডাকাত নিহত হয়েছেন। নিহত মান্নান উপজেলার কম্বনিয়া এলাকার মো. হোছন আলীর ছেলে।
রবিবার সকাল ১০টার দিকে কম্বনিয়া এলাকার রশিদ আহম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) তৈয়বুর রহমান। ওসি জানান, রশিদ আহমদের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করলে তার মেয়ে সাবিনা ইয়াসমিন চিৎকার করে এলাকাবাসীর সহায়তা চান। চিৎকার শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত আবদুল মান্নানকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি তৈয়বুর রহমান আরও জানান, “নিহত মান্নান একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে রামু থানায় ধর্ষণ ও ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অন্য সদস্যরাও এই চক্রের সঙ্গে জড়িত। তাদের গ্রেফতারে অভিযান চলছে।”
আরএইচ/
