চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ছয়টি হাসপাতাল ও ল্যাবে ৯১ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চারটি হাসপাতাল ও ল্যাবের পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭ জনের মধ্যে ১ জন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১৩ জনের মধ্যে ১ জন, ন্যাশনাল হাসপাতালে ১৯ জনের মধ্যে ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতালে ১৮ জনের মধ্যে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া এপিক হেলথ কেয়ারে ২১ জন ও ব্লু ভিউ হাসপাতালে ৩ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
আক্রান্ত ১২ জনই নগরীর বাসিন্দা। চলতি মাসে চট্টগ্রামে এ পর্যন্ত ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলার ১১ জন এবং নগরীর বাকি সবাই আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ১ জন, নারী ৬০ জন ও পুরুষ ৬৩ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “করোনা প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানানো হয়েছে।”
আর এইচ/ চট্টগ্রাম নিউজ
