চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন বিলুপ্ত ঘোষিত উপজেলা ও পৌরসভা কমিটি পুনর্গঠনের লক্ষ্যে পদ প্রত্যাশীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ জুন) এক সাংগঠনিক নির্দেশনা জারি করেছে জেলা বিএনপি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, আগামী ৭ জুলাই থেকে ১০ জুলাই সন্ধ্যা ৬টার মধ্যে আগ্রহী প্রার্থীদের নিজ নিজ রাজনৈতিক জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র জমা দিতে হবে। প্রতিটি আবেদনপত্রে জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, বিগত রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের বিবরণ ও সংশ্লিষ্ট স্থিরচিত্র ক্যাপশনসহ সংযুক্ত করতে হবে।
আবেদনপত্রের সফটকপি পিডিএফ ফরম্যাটে আহ্বায়ক ও সদস্য সচিবের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে এবং হার্ডকপি সরাসরি চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৬টার মধ্যে জমা দিতে হবে।
নতুনভাবে নির্দেশনায় উত্তর সাতকানিয়া নামে একটি পৃথক সাংগঠনিক ইউনিট কমিটির ঘোষণা দেওয়া হয়েছে।
আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই প্রক্রিয়া পরিচালনার জন্য জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রেজাউল করিম নেচার, সাইফুদ্দিন সালাম মিঠু এবং সদস্য ফৌজুল কবির ফজলু, সালেহ জহুর ও এম মনছুর উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া।
আর এইচ/
