বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কল্যাণমূলক সংস্থার প্রধানদের মাঝে ২ লাখ ৮৫ হাজার টাকা নগদ অনুদান বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ৬৯ ব্রিগেডের অধীনস্থ আলীকদম জোন (৩১ বীর)।
বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় আলীকদম জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান বিতরণ করা হয়। জোনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সেনাবাহিনী কাজ করছেন।
এই অনুদানের আওতায় স্থানীয় স্কুল,শিক্ষক, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা ও মুরং কমপ্লেক্সের ছাত্রছাত্রীদের খাবার খরচ ও চিকিৎসা সহায়তার জন্য অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ।
আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার বলেন, জনগণের নিরাপত্তার পাশাপাশি জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, আলীকদম জোনের আওতাধীন অন্যান্য ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম চলমান রয়েছে।
আর এইচ/
