কক্সবাজারের টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকা থেকে সাত বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী টেকনাফ উপজেলার জালিয়াপাড়া এলাকার মো. ইলিয়াস হোসেনের ছেলে আব্দুর রশিদ।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আব্দুর রশিদ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার একটি মাদক মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডও তার নামে রয়েছে।
তিনি আরও জানান, পলাতক থাকা অবস্থায় র্যাব-১৫ এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রশিদ টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার বদিরঘাটে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আব্দুর রশিদকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
