স্মার্ট চট্টগ্রাম গড়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নগরের ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও ফাইবার অ্যাট হোম লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে।
বুধবার ( ১৮ জুন ) দুপুরে টাইগারপাসে চসিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে চসিকের পক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ফাইবার অ্যাট হোম লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার সরফুদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামকে একটি স্মার্ট ও প্রযুক্তিনির্ভর নগরে রূপান্তরের জন্য ভূগর্ভস্থ ক্যাবলিং অত্যন্ত জরুরি। ঝুলন্ত তারের দুর্বিষহ অবস্থা থেকে নগরবাসীকে মুক্ত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
তিনি জানান, চুক্তির আওতায় নগরের ২৩, ২৪, ২৭, ২৮ এবং ৩১ নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে আন্ডারগ্রাউন্ড অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করা হবে। প্রতিটি বাসার নিচে থাকবে একটি সংযোগ বক্স, যেখান থেকে সরাসরি ইন্টারনেট সেবা পাওয়া যাবে। এর ফলে ইন্টারনেটের ঝুলন্ত তার থাকবে না, নগরীর সৌন্দর্য বাড়বে এবং নাগরিকরা পাবেন নিরাপদ, স্থিতিশীল ও দ্রুতগতির ইন্টারনেট।
মেয়র আরও বলেন, “চট্টগ্রামের পরিবেশকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে হলে অব্যবস্থাপনায় থাকা তারের জঞ্জাল সরিয়ে পরিকল্পিত ফাইবার নেটওয়ার্ক গড়ে তোলা ছাড়া উপায় নেই। ধাপে ধাপে পুরো নগরে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা ডা. এস এম সারোয়ার আলম।
আর এইচ/
