“পাখি হত্যা বন্ধ কর, পাখির মতো জীবন গড় ” “মুক্তি মুক্তি মুক্তি চাই, খাঁচার পাখি মুক্তি চাই।” এই স্লোগানে পাখি খাঁচায় বন্দি রাখা ও হত্যার বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে কক্সবাজারে পথসভা করেছে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ।
আজ সকাল ১০টায় কক্সবাজার প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক।
সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নুপুর বড়ুয়া, মোহাম্মদ হোসাইন এবং মোহাম্মদ জসিম উদ্দিন।
বক্তারা বলেন, পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য্য বাড়ায় না, বরং ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষিতে সহায়তা করে। বিজ্ঞানীরা বলেছেন—”মানুষ না থাকলে পাখি থাকবে, কিন্তু পাখি না থাকলে মানুষ থাকবে না।” তারা আরও বলেন, যারা শখের বসে বা লাভের আশায় পাখি হত্যা করছে, তারা প্রকৃতির শত্রু।
বক্তারা প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকায় হতাশা প্রকাশ করে বলেন, ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পাখি হত্যা ও খাঁচায় বন্দির জন্য এক বছর জেল এবং এক লাখ টাকা জরিমানার বিধান থাকলেও তা বাস্তবে কার্যকর হচ্ছে না।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, পাখি বিক্রি ও শিকারের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে। একই সঙ্গে, পাখি হত্যাকারীকে জনসাধারণ যেন পুলিশের হাতে তুলে দেয়, সে আহ্বান জানান বক্তারা।
আর এইচ/
