গেল বছরের ৫ আগস্ট পট পরিবর্তনে চট্টগ্রামের রাউজানে এবিএম ফজলে করিম চৌধুরীর ‘রাজত্ব শেষ’ হলেও জনপদটি এখনো অশান্ত। প্রায় প্রতিদিনই ঝরছে রক্ত।
৫ আগস্ট পট পরির্বতনের পরে আবার সেই হত্যাকাণ্ড গুলো শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।
আজ শনিবার ২৬ এপ্রিল নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে উত্তর জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
এসময় তিনি ‘ক্লিয়ার’ করেছেন রাউজান অশান্ত হওয়ার কারণ!
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, মূলত — মাটিকাটা, খালের বৈধ-অবৈধ বালুমহল দখল, দখলের দ্বন্দ্ব, ব্যবসায়িক দ্বন্দ্ব, চাঁদাবাজি, সরকারের বিভিন্ন প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারদের থেকে কমিশন বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মে জড়িত সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডগুলো করে আসছে।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, ৫ আগস্টের পরে রাউজানে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমি মনে করি, যে হত্যাকাণ্ডগুলোর ঘটনা ঘটেছে তার সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। পরিষ্কারভাবে আমি বললাম, রাজনৈতিক কোনো নেতার দ্বন্দ্বে এইগুলো হয় নাই। আপনারা যদি শুরু থেকে তালাশ করেন মূলত ১৯৮৫ সালের পর থেকে ফারুক হত্যার মাধ্যমে হত্যার ঘটনা শুরু হয় রাউজানে। এ পর্যন্ত শতাধিক ছাত্র যুবককে প্রাণ দিতে হয়েছে। আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসব হত্যাকাণ্ডে যুক্ত ছিল।’
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, বিগত কয়েক মাসে রাউজানে বিভিন্ন অস্ত্র-শস্ত্র কেনা হয়েছে। এটা অনেকেই জানেন, হয়তো প্রশাসনও জানেন। সুতরাং সন্ত্রাসী কর্মকাণ্ডকে আড়াল করার জন্য রাজনীতির ছত্রছায়া ব্যবহার করছে।
আমাদের দলের মধ্যে আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নামে অসংখ্য মামলা। আমি জীবনে কাউকে একটা ঢিল মারিনি। আমাকে রাজপথের মিছিল থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। বেশ কিছুদিন আমি কারাগারে ছিলাম। শুধু আমি না, আমাদের অনেক নেতাকর্মীর নামে মামলা আছে।
রাউজানের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রেক্ষিতে তিনি আরও বলেন, ‘ঘটনার পরই দেখা যায়, কাদের নামে মামলা দিলে চাঁদা আদায় করা যাবে—এ ধরনের তোড়জোড় শুরু হয়।
তিনি প্রকৃত সন্ত্রাসী এবং খুনীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। তারা যেন কোন অবস্থা্তেই পার না পান সেই আহবানও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হানিফ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ইউনুস চৌধুরী, কাজী সালাউদ্দিন, মো. নুরুল আমিন, মোহাম্মদ নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ফটিকছড়ি পূর্ব জেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অবসরপ্রাপ্ত) আজিজুল্লাহ বাহার, রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম চৌধুরী, আনোয়ার হোসেন, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আহ্বায়ক আবুল হাসনাত প্রমুখ।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
