বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা এবং রোমান ক্যাথলিক গির্জার প্রথম লাতিন আমেরিকান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৪ এপ্রিল (বুধবার) থেকে ২৬ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বুধবার (২৩ এপ্রিল) এই ঘোষণা দেয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শোক পালনকালীন সময়ে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
পোপ ফ্রান্সিসের আত্মার শান্তি কামনায় দেশের মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
