খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও এক টমটম চালককে এখনো উদ্ধার করা না যাওয়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা।
আজ রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিক্ষোভ সমাবেশে দ্রুত অপহৃতদের মুক্তি ও জড়িতদের শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন ভুবন চাকমা। বক্তৃতা দেন অরিয়ন চাকমা, সাইনু মং মারমা, ধনরঞ্জন ত্রিপুরা ও জাল্লাং এনরিকো কুবি। আন্দোলনের একপর্যায়ে চবি ছাত্রদলের নেতাকর্মীরাও একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে যোগ দিতে দেখা যায়।
জাল্লাং এনরিকো কুবি বলেন, ” সোশ্যাল মিডিয়াতে দাবি করা হয়েছে, অপহৃত শিক্ষার্থী ওখানে রাজনৈতিক প্রতিনিধিত্ব করতে গেছে। কিন্তু আপনারা দেখলে বুঝবেন তারা সাধারণ শিক্ষার্থী হিসেবেই বিজু উৎসবে গিয়েছে। দুঃখের বিষয় জুলাই আন্দোলনের মতোই তাদের ত্যাগ দেওয়া হচ্ছে।
প্রশাসনের ব্যর্থতা জানিয়ে তিনি আরও বলেন, “১০৭ ঘন্টা হয়ে গেলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। আমি আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অভিযান চালিয়ে দ্রুত তাদের ফিরিয়ে আনা হোক এবং তাদের অপহরণের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।”
অরিয়ন চাকমা বলেন, “অপহরণের ঘটনা ৫ দিন পেরিয়ে গেলেও প্রশাসনের ভূমিকা হতাশাজনক। আমরা নিঃশর্ত মুক্তি চাই, দোষীদের আইনের আওতায় আনতে হবে।”
অপহৃত শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দেওয়া নিয়ে ধনরঞ্জন ত্রিপুরা বলেন, “আমার ভাইদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় এবং নিন্দনীয়।”
চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ”ক্যাম্পাসে ফেরার পথে সন্ত্রাসীদের কর্তৃক আমার ভাইয়েরা অপহরণের শিকার হয়েছে। আসলে সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, জাত নেই, তারা শুধু সন্ত্রাসী। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত আমার ভাইয়ের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।”
উল্লেখ্য, গেল ১৬ এপ্রিল খাগড়াছড়িতে বিঝু উৎসব উদযাপন শেষে ক্যাম্পাসে ফেরার পথে চবির পাঁচ শিক্ষার্থী রিশন চাকমা, মৈত্রীময় চাকমা, দিব্যি চাকমা, লংঙি ম্রো এবং অলড্রিন ত্রিপুরাসহ এক টমটম চালক অপহরণের শিকার হয়। যৌথবাহিনী একাধিক অভিযান চালালেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
আর এইচ/
