রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে রোববার (১৩ এপ্রিল) চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে এসে পৌঁছেছে। বর্তমানে চলছে জাহাজগুলোর আনুষ্ঠানিক নোঙর কার্যক্রম।
চার দিনের এ সফরে যুদ্ধজাহাজগুলোতে অবস্থানরত নাবিক ও নৌবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের নৌবাহিনীর সঙ্গে পেশাগত মতবিনিময়ে অংশ নেবেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হবে। এতে দুই দেশের নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শুভেচ্ছা সফরে অংশ নেওয়া যুদ্ধজাহাজ তিনটিকে স্বাগত জানাতে চট্টগ্রামে উপস্থিত ছিলেন রাশিয়ার রাষ্ট্রদূত। এসময় বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থেকে জাহাজগুলো পরিদর্শন করেন। রাশিয়ার নাবিকরা অতিথিদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানিকতার অংশ হিসেবে নৌবাহিনীর বাদ্যযন্ত্র দল সুর ও সংগীত পরিবেশন করে অতিথিদের স্বাগত জানায়। সফরের আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত বৈঠক ও অন্যান্য কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।
আর এইচ/
