চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অফ ডিবেট (সিইউএসডি)-এর উদ্যোগে আয়োজিত ১৫তম থিমেটিক বিতর্ক কর্মশালা ও চ্যাম্পিয়নশিপের সফলভাবে সমাপ্তি হয়েছে। প্রায় দুই মাসব্যাপী এই কর্মশালার শেষদিনে অনুষ্ঠিত হয় পাবলিক স্পিকিং বাংলা ও ইংরেজি, ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট এবং এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের ফাইনাল রাউন্ড।
মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একে খান আইন অনুষদ মিলনায়তনে নোমান ইবনে মোসলেহ উদ্দীন এর সঞ্চালনায় সিইউএসডি’র জেনারেল সেক্রেটারি আকলিমা খাতুন এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়।
উদ্বোধনী বক্তব্যের পর ১৫ তম থিমেটিক বিতর্ক কর্মশালা ও চ্যাম্পিয়নশিপের পাবলিক স্পিকিং বাংলা, পাবলিক স্পিকিং ইন ইংরেজি, ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট এবং এশিয়ান পার্লামেন্টারি ডিবেটের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. মোঃ আবদুল্লাহ আল মামুন বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট তরুণ প্রজন্মের জন্য যে কার্যক্রম পরিচালনা করছে তা সত্যিই প্রসংসার দাবীদার। ডিবেট এর মাধ্যমে একজন মানুষ একই সাথে আইন, অর্থনীতি এবং সমসাময়িক বিষয়ের জ্ঞান আহরণ করে। বিতর্ক করতে হলে এ জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে, শুধু বিতর্ক নয় আমাদের চলার পথ সহজ করার জন্যই এ জ্ঞান আহরণ করতে হবে।”
আইন বিভাগের সম্মানিত সভাপতি ড. রাকিবা নাবী বলেন, আমরা গত কয়েকদিনে সিইউএসডি’র কার্যক্রম দেখে অভিভূত, তারা বিভিন্ন কো-কারিকুলার অ্যাকটিভিটিস পরিচালনার মাধ্যমে প্রশাসনের সাথে যে সখ্যতা গড়ে তুলেছেন তা তাদের কার্যক্রম পরিচালনার মাধ্যমে আরো সুদৃঢ় করবে। সিইউএসডি আরো সুন্দর সুন্দর কো-কারিকুলার অ্যাকটিভিটিস পরিচালনা করবে এই প্রত্যাশা রাখি।
চিটাগং ইউনিভার্সিটি স্কুল অফ ডিবেটের জেনারেল সেক্রেটারি আকলিমা খাতুন বলেন, আমরা চেষ্টা করেছি দীর্ঘ ১ মাসের কর্মশালায় আপনাদেরকে ডিবেটের বেসিক নলেজ গুলো শেখানো আশা করি আমরা তা পেরেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আপনারা সিইউএসডি’র সাথে থেকে নিজেদেরকে আরও ছাড়িয়ে যাবেন এই কামনা!
ফিলোসোফি বিভাগের প্রফেসর ড. মাসুম আহমেদ বলেন, “আমি মনে করি, আমরা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের যতটুকু শিক্ষা দেওয়ার চেষ্টা করি শিক্ষার্থীরা তার থেকে বেশি শিক্ষা গ্রহণ করে ইউনিভার্সিটির বিভিন্ন কো-কারিকুলার অর্গানাইজেশন থেকে। শিক্ষার্থীরা যদি এমন কো-কারিকুলার অ্যাকটিভিটিসে অংশগ্রহণ করবে তত নিজেদেরকে আরও যোগ্য করে তুলতে পারবে। আমি সিইউএসডি’র অর্গানাইজারদের অনুরোধ করবো আপনারা এই ধারাবাহিকতা বজায় রাখুন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডীন ইকবাল শাহীন খান বলেন, “মানুষ এবং প্রাণীর মধ্যে র্যাশনালিটি এবং এ্যানিমালিটি যে স্তর তা নির্ধারণ করতে সাহায্য করে ডিবেট। ডিবেট মানুষের যুক্তির দ্বার উন্মোচিত করে এ্যানিমালিটি থেকে র্যাশনালিটিতে নিয়ে আসে। তাই সিইউএসডি কে ধন্যবাদ জানাই তাদের এমন সুন্দর আয়োজনের জন্য।”
শিক্ষকদের বক্তব্য শেষে কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন সেগমেন্টে চ্যাম্পিয়ন হওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার এবং ১৫ তম থিমেটিক বিতর্ক কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
আর এইচ/
