দেশে হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত হয়ে সানজিদা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় মহাখালী সংক্রামক হাসপাতালে তিনি মারা যান।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে সংক্রামকব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. আরিফুল বাশার বলেন, দেশে এইচএমপিভি শনাক্ত হওয়া কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য এটিই প্রথম। তবে তিনি যে এইচএমপিভি ভাইরাসের জন্যই মারা গেছেন, এমনটি বলা যাবে না। ওনার অন্য আরও শারীরিক জটিলতা ছিল। যার জন্য হঠাৎ করেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়।
হাসপাতাল তত্বাবধায়ক বলেন, ওই নারী ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন। এছাড়া তার কিডনি সমস্যা ছিল, সেইসাথে তিনি অনেক মোটা ছিলেন, যে কারণে তাকে ভেন্টিলেটরে ওঠানো যাচ্ছিল না। ভাইরাল নিউমোনিয়ার জন্যও সম্ভবত মারা যাননি, অনেকটা সুস্থও হয়ে গেছিলেন। কিন্তু পরবর্তী জটিলতার জন্য হয়তো সমস্যা হয়েছে।
ওই নারীর ডেথ রিভিউ করা হবে কি-না এ বিষয়ে তিনি বলেন, স্বজনরা এরই মধ্যে মরদেহ নিয়ে গেছেন। তারপরও এটা নিয়ে অধিদপ্তর বা মন্ত্রণালয় ব্রিফ করবে। সেই আলোকে আমরা পরবর্তী পরিকল্পনা করব।
গত ১২ জানুয়ারি সানজিদার এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর আসে। জানা যাচ্ছিল ওই নারীর বিদেশ সফরের কোনো ইতিহাস ছিল না।
চলতি বছরের শুরুতে চীনে প্রথম এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর জাপান, মালয়েশিয়া, ভারতসহ কয়েকটি দেশে ভাইরাসটি শনাক্ত হয়।
