চলতি মৌসুমে চট্টগ্রামের বোয়ালখালীতে ২৫০ একর জমিতে বোরো ধানের আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৬ টি স্কীমের আওতায় অন্তত ৫০০ কৃষক বোরো আবাদ করবেন না বলে জানিয়েছেন সেচ স্কীম ম্যানেজাররা।
স্কীম ম্যানেজাররা বলেন, কর্ণফুলি নদী থেকে বয়ে আসা রায়খালি খালের সাথে সংযুক্ত ৬ টি স্কীম রয়েছে এ এলাকায়। গত বছর রায়খালী খালের পানি দিয়ে সেচ দেওয়ায় বড় ধরণের ক্ষতির সম্মুখীন হয়েছেন ওই এলাকার কৃষক ও সেচ স্কীম ম্যানেজাররা। এনিয়ে তারা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও এর সুরাহা পাননি বলে জানিয়েছেন। ফলে এবছর নতুন করে ক্ষতিগ্রস্ত হতে চান না বলে জানান তারা।
সারোয়াতলীর মাঝির পাড়া এলাকার হাজী বিলের সেচ স্কীম ম্যানেজার মো.নুরুল আবচার বলেন, গত বছর ৬০ একর জমিতে বোরো আবাদ করেছেন তিনি। ধান তো দূরের কথা খড়ও পায়নি। সেচের পানিতে কারখানার লবণ ও বিষাক্ত কেমিক্যাল থাকায় সব ক্ষেত জ্বলে গেছে। বেঙ্গুরা মাদ্রাসা বিলের স্কীম ম্যানেজার মো. ইউছুপ বলেন, গেল বছর ৫৬ একর জমিতে বোরো চাষ করে সর্বস্বান্ত হয়ে গেছি। অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে স্কীম বিক্রি করে ঋণ পরিশোধ করতে হয়েছে। একই কথা জানিয়েছেন উত্তর রায়খালী বিলের স্কীম ম্যানেজার হামিদুল হক চৌধুরী, কৃষক ইদ্রিস ও শেলু।
কৃষকেরা জানান, রায়খালী খাল থেকে প্রায় ৬ টি সেচ স্কীম রয়েছে। এসব সেচ স্কীমের আওতায় ৫ শতাধিক কৃষক প্রায় ২৫০ একর জমিতে রায়খালী খালের পানি দিয়ে বোরো ও শীতকালীন শাক সবজি চাষ করে থাকেন। তবে গত বছর কারখানার লবণ ও বিষাক্ত কেমিক্যালযুক্ত পানি ব্যাবহারের কারণে বোরো চাষে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা বলেন, সেচের পানি দিয়ে শীতকালীন সবজি ক্ষেত করেও লোকসানে পড়তে হয়েছে তাদের । ফলে বোরোর বীজ তলা করলেও খালের পানি সেচ দিয়ে বোরো আবাদ করতে সাহস হচ্ছে না। জানা গেছে, রায়খালী খালের মুখে থাকা লবণ কারখানা ও শিল্প কারখানার বর্জ্য ফেলার কারণে পানিতে অতিমাত্রায় লবণ ও বিষাক্ত কেমিক্যাল ছড়ায়। এতে জলজ প্রাণী, ক্ষেত খামার ও প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসে লিখিত অভিযোগ দিয়েছিলেন কৃষকেরা।
কৃষকদের অভিযোগ, রায়খালী খালের পাড়ের লবণ কারখানাগুলো লবণপানি ও শিল্প কারখানাগুলো কেমিক্যাল মিশ্রিত বর্জ্য খালে ফেলে পানি দূষণ করছে। এই পানি দিয়ে সেচ দিলেই ক্ষেত বিবর্ণ হয়ে মরে যাচ্ছে। এতে বিপাকে পড়তে হয়েছে ৫ শতাধিক বর্গা চাষীকে। উপজেলা কৃষি অফিসার মো.আতিক উল্লাহ বলেন, এবার উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮১০ হেক্টর জমিতে। সারোয়াতলী ইউনিয়নের রায়খালী খালের স্কীমগুলো লবণ ও কেমিক্যাল মিশ্রিত পানি ব্যবহারের ফলে কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। স্কীমগুলো চালু না করলে বোরো চাষে ব্যাপক প্রভাব পড়বে। গত বছরও কৃষকদের লোকসান গুণতে হয়েছিলো। এবিষয়ে যথাযথ পদক্ষেপ না নিলে আগ্রহ হারিয়ে ফেলবে কৃষকেরা।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন চট্টগ্রাম রিজিওনের নির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার জেনি ও বিএডিসির কর্মকর্তারা বোয়ালখালী উপজেলার বেশ কয়েকটি স্কীম প্রকল্প পরিদর্শন করেন। এসময় কৃষক ও স্কীম ম্যানেজাররা বিষয়টি তাদের কাছে তুলে ধরেন। বিএডিসি দোহাজারী জোনের উপ-সহকারী প্রকৌশলী মাসুদ আলম বলেন, বোয়ালখালী বিএডিসির ২৪টি প্রকল্প চালু আছে। আরও কয়েকটি দেওয়া হবে। এছাড়া চাষাবাদের জন্য খাল খননসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে সারোয়াতলী ইউনিয়নের রায়খালী খালের সেচ স্কীমগুলো লবণ ও বিষাক্ত কেমিক্যালের কারণে চালু করতে পারছে না বলে অভিযোগ করছে কৃষকেরা।
বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হবে জানিয়ে বিএডিসির নির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার জেনি বলেন, কৃষকদের উন্নয়নে ও ফসল আবাদের লক্ষ্যে আধুনিক সেচ প্রকল্প প্রদান করছে বিএডিসি। কিন্তু কারখানার বর্জ্যের কারণে তার সুফল পাওয়া যাবে না এটা হতে পারে না। এবিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থার সাথে কথা বলবো। এখানে সেচ প্রদানের জন্য খালের পানি যথেষ্ট। প্রাকৃতিক কারণে হলে ভিন্ন বিষয় ছিলো। তারপরও আমরা চেষ্টা করবো গভীর নলকূপ বসানোর বিষয়ে।
