জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সহায়তা পেতে এখন থেকে দিতে হবে চিকিৎসা সনদ ও চিকিৎসকের সত্যায়ন। অর্থ পেতে জালিয়াতির চেষ্টার কারণেই এ উদ্যোগ বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
বুধবার সকালে রাজধানীর শাহবাগে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সারজিস বলেন, ‘আমাদের এখানে এখন এমন অনেক ফাইল আসছে যারা এগুলো বানিয়ে আনছেন। বিভিন্ন হাসপাতাল থেকে ডাক্তারদের সই, এমনকি সেই সই তারা নীলক্ষেতেও বানাচ্ছে। এই প্রমাণও আমাদের এখানে আছে। আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যাতে করে আমাদের এই তালিকাটা প্রশ্নবিদ্ধ না হয়।’
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জানান, এ পর্যন্ত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ১১ হাজার ৩০৬ জনের মধ্যে ১ হাজার ৬০১ জনের পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। আর ৬২৮ নিহত পরিবার সহায়তা পেলেও বাকি রয়েছে আরও ১৯৮ পরিবার।
এছাড়া চলতি মাসে বড় অংকের অর্থ সহায়তা করা হবে বলেও জানান সারজিস। তিনি আরও জানান, এখন স্মৃতি ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে ১০৯ কোটি ২০ লাখ জমা এবং এ পর্যন্ত ৪৭ কোটি ৩২ লাখ টাকা দেওয়া হয়েছে।
