বান্দরবানসহ ৩ পার্বত্য জেলায় ভূমির জটিলতা নিরসনে ভূমি কমিশন কার্যকর করার জন্য ইতি মধ্যে তিন মাস আগে ভূমি কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে এবং জরুরি ভিত্তিতে কার্যকর ব্যাবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
এছাড়া ভূমি সমস্যা নিরসনে সরকারি আইন মোতাবেক স্থানীয় প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়েরউপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকের তিনি এ কথা বলেন ।
এসময় তিনি পার্বত্য অঞ্চলে বসবাসকারী সকল সম্প্রদায়ের জনসাধারনের জন্য সরকারি সকল সুবিধা ন্যায্যতার ভিত্তিতে প্রদান করা হবে বলে উপস্থিত সাংবাদিকদের জানান।
এছাড়া পার্বত্য অঞ্চলে যুগোপযোগী শিক্ষার মানোন্নয়ন জন্য কাজ করার আশা প্রকাশ করেন।
এর আগে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এক কোটি টাকা ব্যয়ে বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে পাঁচ কোটি ৮০লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের উদ্বোধন করেন।
এসময় বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কণ চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক, মোঃ আবু তালেবসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আর এইচ/
