চট্টগ্রাম-কক্সবাজার মহাড়কের চলন্ত মাছবোঝাই মিনিট্রাক গাড়িতে মৃতগাছ উপড়ে পড়ে ঘটনাস্থলে ১ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টায় লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহতের পরিচয় পাওয়া যায়নি।আহতরা হলেন- হানিফ, আলভী, ওসমান, রুবেল, নজরুল ও বাপ্পী। হতাহত সকলের বাড়ি কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী উপজেলায়।
স্থানীয় ইউপি সদস্য মো. শাব্বির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি চলন্ত একটি মিনিট্রাকের উপর মহাসড়কের পাশে থাকা একটি মরা গাছ ভেঙ্গে পড়ে। এতে মিনিট্রাকের পেছনে থাকা ১ জন ঘটনাস্থলে নিহত হন এবং আহত ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জামশেদ উদ্দিন গিয়াস জানান, গাছ পড়ে গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।
