খাগড়াছড়িতে পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সাথে বন্ধ হওয়ার ৬ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এতে আটকা পরা যানবাহন গুলো স্ব স্ব গন্তব্যে পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার( ১৭ আগস্ট) সকালে খাগড়াছড়ি পর্যটন নগরী আলুটিলার সাপমারা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, সকালবেলা পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে, খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করে। জনবল কম থাকায় কাজে কিছুটা বিঘ্ন ঘটে। তবে সকাল ১০ টার দিকে সড়ক ও জনপদ বিভাগ মাটি শড়ানোর কাজে যোগ দিলে কাজে গতি পায়।
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ভোরে পাহাড়ের মাটি ধসে সড়কে প্রচুর মাটি চলে আসে এতে যান চলাচল বিঘ্ন হয়। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সদস্যরাসহ মিলে কাজ শুরু করলে দুপুরের দিকে সড়ক থেকে মাটি সরিয়ে নিলে যান চলাচল পুরোপুরিভাবে সাভাবিক হয়ে যায়।
