চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে দুজনকে গ্রেপ্তার রেলওয়ে থানা পুলিশ।
শনিবার (২২ জুন) চকরিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পেয়ার মোহাম্মদ প্রকাশ পিয়ারু (২২) ও আব্দুল আল নোমান (২২)।
আজ রোববার বিকালে চট্টগ্রাম রেলওয়ে থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
তিনি বলেন, গত ১৮ জুন কক্সবাজারগামী স্পেশাল ট্রেনের যাত্রীদের লক্ষ্য করে চকরিয়া থানা এলাকায় পাথর নিক্ষেপ করা হয়। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রেলওয়ে পুলিশের নজরে আসে। ওই ভিডিওর সূত্র ধরে পাথর নিক্ষেপে জড়িত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরিফুল ইসলামসহ আরও কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও বলেন, ট্রেন যাত্রীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনায় পুলিশ বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করেছে। ট্রেনে নিরাপদ যাত্রী সেবা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। পাথর নিক্ষেপ রোধে আমরা বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। পাশাপাশি ট্রেনে মাদক পরিবহন ঠেকাতে চেষ্টা করছি।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
