প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দুই দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন।
শনিবার রাত ৮টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রী দেশে আসার পর তাকে ফুল দিয়ে স্বাগত জানান মন্ত্রী পরিষদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে। ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
এর আগে শুক্রবার বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দ্বিপক্ষীয় সফরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
