চট্টগ্রামে অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি করায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেড় লাখ টাকার বিদেশি ওষুধ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) সাড়ে ৭ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ওষুধগুলো জব্দ করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, চমেক হাসপাতালের পূর্ব গেইটের ৩টি ফার্মেসিতে তল্লাশি চালানো হয়। এ সময় শাহানো মেডিকো নামে একটি ফার্মাসি ও ইমন মেডিক্যাল হল নামে আরও একটি ফার্মেসিতে ঔষুধ প্রশাসনের অনুমোদনহীন ও আমদানিকারকের সিল বিহীন বিদেশি ওষুধ জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় ফার্মেসি দুটিকে ৪০ হাজার টাকা জরিমানা এবং ওষুধগুলো জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের মূল্য প্রায় দেড় লাখ টাকা।
