চট্টগ্রামের কর্ণফুলীতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।
বুধবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন বাজারের সার্বিক পরিস্থিতি দেখতে যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এসময় তিনি মুদির দোকান, মসল্লা বাজার,সবজির বাজার, পেঁয়াজ ব্যবসায়ীসহ বিভিন্ন বাজারে অভিযান চালান।
অভিযানে ফকিরনীর হাট এলাকায় মূল্য তালিকা না রাখায় আল মদিনা স্টোরকে ৩ হাজার, নুরে মদিনা স্টোরকে ১০ হাজার এবং মা স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। ঈদুল আজহাকে ঘিরে কোন অসাধু ব্যবসায়ী যদি বাজার অস্থিতিশীল করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
