আনোয়ারা উপজেলায় ড্রেনে এক অজ্ঞাত যুবকের মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করতে গেছে পুলিশ।
বুধবার (১২ জুন) সকালে উপজেলার বারশত ইউনিয়নের পারকি দুধকুমড়া বটতল যাত্রী ছাউনির পাশে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।
স্থানীয় পারকি ইউনিয়ন পরিষদের দফাদার আব্দুল মজিদ জানান, সকালে স্থানীয় লোকজন কেইপিজেডে কাজের যাওয়ার সময় মরদেহটি দেখতে পাই, ভয়ে কেউ লাশটির পাশে যায়নি। লাশটির শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। পুলিশকে খবর দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। বাকিটা আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
