চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল এলাকায় দ্রুতগামি গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চালকসহ ২ জন।
রোববার (১৭ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী অভিজিৎ দাশ (৩১) ফটিকছড়ির রৌশানগিরি এলাকার অঞ্জন দাশের ছেলে।
গুরুতর আহত মোটরসাইকেল চালক শান্তনু বিশ্বাস (২৯) ও আরোহী শাহেদুল ইসলামকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, রাতে মহাসড়কের কদম রসুল এলাকায় চট্টগ্রামমুখি মোটরসাইকেলকে অজ্ঞাত গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই মোটরসাইকেলের পেছনে বসা আরোহী অভিজিৎ দাশের মৃত্যু হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার পরে চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি ফাঁড়িতে এনে রাখা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
