চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার ওয়াহেদপুর কমর আলী রাস্তার মাথা সংলগ্ন শিপনের ইট বালির দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর এলাহি এলাকার আবু সিদ্দিক ছেলে মো. খোকন (২৮), একই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে মোস্তফা প্রকাশ চৌধুরী (৩৫), চট্টগ্রামের সন্দ্বীপ থানার মুছাপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে সুমন মিয়া (৩৩), বরিশালের বাবুগঞ্জ থানার মৃত আলতাফ আলীর ছেলে রাসেল হোসেন (৩৩), কুমিল্লা নাঙ্গলকোট থানার মো. মোস্তফার ছেলে মো. মনসুর আলম (৩৬)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বড়দারোগাহাট এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে গাড়ির যাত্রীদের জিম্মি করে ডাকাতি করে আসছিল। আটকের ঘটনায় থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
