চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে দেশীয় ২টি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজসহ জানে আলমকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার (৯ মার্চ) উপজেলার কদলপুরস্থ দক্ষিণ জয়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জানে আলম রাউজান উপজেলার ভোমরপাড়া এলাকার আজিজুল হকের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তার জানে আলমের বিরুদ্ধে রাউজান ও হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন, ডাকাতি, চুরি, হত্যার চেষ্টা এবং অস্ত্র আইনসহ সর্বমোট ৬টি মামলা রয়েছে। শনিবার বিশেষ অভিযানে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
