চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় চুলার আগুনে পুড়ে ছাই তিন বসতঘর। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
আজ শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে ৫নং সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম খিতাবচর এলাকার ৫নং ওয়ার্ডের সাহেব মিয়া মেম্বার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা বলেন, আগুনে সাহেব মিয়া মেম্বার, আহমুদুর রহমান, আমিনুর রহমানের বসতঘর পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্তরা বসতঘরের কোন সম্পদ রক্ষা করতে পারেনি।সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা অগ্নিদূর্গতদের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
সারোয়াতলী ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, আগুনে সাহেব মিয়া মেম্বার, আহমুদুর রহমান, আমিনুর রহমানের বসতঘর পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করা যায়নি।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ অফিসার মো. সাইদুর রহমান জানান, রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
