মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বৈসাবি উৎসবকে ঘিরে ৩ পার্বত্য জেলায় শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজন

চট্টগ্রাম নিউজ ডেস্ক

প্রকৃতির অমোঘ নিয়ম মেনে প্রতিবছরই ফিরে আসে বিজু, বিহু, বিষু, সাংগ্রাই উৎসব। পাহাড়ে ছড়িয়ে পড়ে প্রাণের উচ্ছ্বাস-উচ্ছলতা। নব আনন্দে জাগে পাহাড়ের প্রাণ।পুরো পার্বত্যাঞ্চল আর সাগর বিধৌত কক্সবাজারজুড়ে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস।

বর্ষবরণকে ঘিরে পাহাড়ি জনপদের উৎসব দিন দিন সারাদেশের মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। ফলে বৈসাবি উৎসব হয়ে ওঠে পাহাড়ের প্রাণের উৎসব।

বরাবরের মতোই বিদায়ী বছরের সব দুঃখ-কষ্ট আর গ্লানি পানিতে ভাসিয়ে দিয়ে সোমবার নতুন বছরে পথচলা শুরু করেছে পাহাড়, হ্রদ আর অরণ্যঘেরা জনপদের মানুষ। বর্ষবরণ ও বিদায়ের অনুষ্ঠান বৈসাবি ঘিরে উৎসবের আমেজ এখন তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি আর বান্দরবানের জনপদে।

বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিজু উদযাপন অনুষ্ঠিত হলো। এতে পাহাড়ে জমে উঠেছে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু’র উৎসব।

সোম,মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত উপজেলার ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে বিজু উৎসব উদযাপন হবে বলে জানা যায়।

সোমবার সকালে বাজার ঘাট এলাকায় নদীতে ফুল ভাসানো হয়,পরে বাজার হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্টোডিয়াম দীঘলছড়ি মাঠে এসে র‍্যালিটি শেষ করে বিভিন্ন ইভেন্টের ঐতিহ্যবাহী খেলাধূলা, ডিসপ্লে, পিঠা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

রাঙামাটি শহরের রাজবাড়ী ঘাটে গতকাল সকালে চাকমা জনগোষ্ঠীর ফুলবিজুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

একইভাবে সকাল ৯টায় শহরের গর্জনতলি এলাকায় পানিতে ফুল ভাসিয়ে বৈসুক উৎসবের সূচনা করে ত্রিপুরা জনগোষ্ঠী। পানিতে ফুল ভাসানোর পর বাড়ির প্রবীণ ব্যক্তিদের স্নান, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ত্রিপুরাদের বৈসুক।

ফুলবিজুর পর অনুষ্ঠিত হবে মূল বিজু। বাড়ি বাড়ি বেড়ানো আর খানাপিনার মধ্য দিয়ে পালিত হবে বিজুর মূল আয়োজন। এ ছাড়া রাঙামাটির কাপ্তাই উপজেলার চিতমরমে অনুষ্ঠিত হয় মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই জলোৎসব।

খাগড়াছড়িতে নদীতে ফুল ভাসিয়ে চাকমারা ফুল বিজু উদ্যাপন করেন। ত্রিপুরা জনগোষ্ঠীদের হারিবৈসুর (ফুল পূজা) মধ্য দিয়ে তিন দিনের বৈসু উৎসব শুরু করেছে। অন্যদিকে সাংগ্রাই উৎসবে মাতবে মারমারা।

খাগড়াছড়ি সদরের খবংপুড়িয়া এলাকা দিয়ে চেঙ্গী নদীতে ফুল ভাসাতে ভিড় জমায় শত শত চাকমা শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ। সূর্যোদয়ের আগেই চাকমারা দলে দলে ছুটে যায় নদীর ধারে। কেউবা একাকী আবার অনেকে সারিবদ্ধ হয়ে নদীতে নানা রঙের ফুল ভাসায়। ফুলের রঙে রঙিন হয়ে ওঠে চেঙ্গী নদী। সর্বজনীন বৈসাবি উদ্যাপন কমিটির ব্যানারেও পৃথকভাবে নদীতে ফুল ভাসানো হয়। এ ছাড়া শহর ও শহরতলির বিভিন্ন খাল এবং প্রাকৃতিক ছড়াও ফুলে ফুলে ভরে যায়। ছোট্ট শিশুরা নদীর পানিতে ভিজে আনন্দ উল্লাস করে নতুন বছরকে আহ্বান জানায়।

প্রতিবছরের মতো এবারও পানখাইয়াপাড়ায় শুরু হয়েছে মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা। এর আগে মধুপুর এলাকা থেকে সর্বজনীন বৈসাবি উদ্যাপন কমিটির উদ্যোগে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

এ ছাড়া দুপুরে ‘য়ামুক’ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ত্রিপুরা জনগোষ্ঠীর সবচেয়ে ঐতিহ্যবাহী গরয়া নৃত্য উৎসব।

সাংগ্রেং পোয়ের : নববর্ষে কক্সবাজারে বাঙালি সংস্কৃতির নানা অনুষ্ঠানের পাশাপাশি রাখাইনদের ঐতিহ্যবাহী ‘সাংগ্রেং পোয়ে’ বা জলকেলি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় উৎসব। তবে বাংলা নববর্ষের তিন দিন পর শুরু হয় রাখাইন অব্দ (মঘি সন)। রাখাইনদের তিন দিনব্যাপী জলকেলি উৎসবও শুরু হবে ওই দিনে। নতুন বছরের সূচনালগ্নে ‘সাংগ্রেং পোয়ে’র তিন দিনের উৎসব শুরু হবে। অবশ্য পূজা-পার্বণের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয় আরো চার দিন আগে। নতুন বছরের আগমনীতে কক্সবাজারের রাখাইন পল্লীগুলোয় ইতিমধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

ইতিহাসবিদদের মতে, রাখাইনদের নিজস্ব ক্যালেন্ডার প্রচলন হয় ১৫ ধন্যাবতি যুগ (৩৩২৫ খ্রিস্ট-পূর্ব) থেকে। হাজার বছর ধরে রাখাইন সভ্যতার ক্রমবিকাশে তাদের সংস্কৃতি প্রথায় ঘরে ঘরে নববর্ষ উৎসব উদ্যাপন করে আসছে।

রাখাইনদের এ উৎসবের মূল লক্ষ্য হচ্ছে অতীতের সব ব্যথা-বেদনা ও গ্লানি ভুলে ভ্রাতৃত্ববোধের মাধ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। সপ্তাহব্যাপী বর্ষবরণ উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব পানিখেলা বা জলকেলি। ঐতিহ্যবাহী এ উৎসবকে কেন্দ্র করে কক্সবাজারের রাখাইন পল্লী সাজানো হয় নবসাজে। পুরনো বছরের জীর্ণতা আর পাপ ধুয়ে-মুছে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দের বহিঃপ্রকাশই মূলত সাংগ্রেং উৎসব।

এ উৎসবকে সামনে নিয়ে নতুন প্রজন্মের সদস্যরাই বেশি মাতোয়ারা হয়ে ওঠে। প্রেমিক-প্রেমিকাদের জন্য তো বলতে গেলে ‘মহা আনন্দের সময়’। কেননা এ উৎসবেই তারা তাদের লালিত স্বপ্ন বা অব্যক্ত কথা বলার স্বাধীনতা পেয়ে থাকে। পানি ছোড়ার অনুষ্ঠানে তারা সঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতাও পেয়ে থাকে।

কক্সবাজার দেশের প্রধান পর্যটন শহর হওয়ার সুবাদে রাখাইনদের ঐতিহ্যবাহী পানিখেলা দেখার জন্য দেশের বিভিন্ন স্থানের ভ্রমণপিপাসু লোকজন এ সময়টাকে আলাদাভাবে বেছে নেয়। রাখাইনদের অনুষ্ঠান দেখার জন্যও অনেক ভ্রমণপিপাসু এসে ভিড় করে। সে সঙ্গে জমে ওঠে কক্সবাজারে পর্যটকদের অন্যতম আকর্ষণ বার্মিজ ফ্যাশন মার্কেটগুলোও।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও...